প্রতীক্ষাটা কত বছরের? ফেসবুকে সার্চ করে পেলাম ২০১৭-র আগস্টে আশা করেছিলাম GIMP 3.0 (গিম্প ৩.০) দ্রুতই এসে যাবে। তারপর তো ৭ বছর চলে গেলো- শেখ হাসিনার পতন ঘটলো, ট্রাম্পের এক মেয়াদ শেষে জো বাইডেনের এক মেয়াদ পার করে আবারো ট্রাম্প ফিরে এলো।
এবং অবশেষে, আমরাও চলে আসলাম GIMP 3.0 এর খুব কাছাকাছি- GIMP 3.0 RC1 রিলিজ হওয়ার মাধ্যমে। যদিও অপেক্ষা ঠিক এখনই শেষ না, RC1 নির্দেশ করছে GIMP 3.0 এর প্রথম রিলিজ ক্যান্ডিডেট। আমি যখন GIMP 3.0 RC1 ট্রাই করছিলাম, এটা কয়েকবার ক্র্যাশ করেছে। করারই কথা অবশ্য, যেকারণে এটা রিলিজ ক্যান্ডিডেট, চূড়ান্ত রিলিজ নয়।
RC1 এর ইউজার ফিডব্যাকের ওপর ভিত্তি করে ছোটখাট ইজি-টু-ফিক্স বাগ থাকলে তা সমাধান করে চূড়ান্ত সংস্করণ রিলিজ হবে, অন্যদিকে বড় কোন ইস্যু পাওয়া গেলে GIMP 3.0 এর আগে আরো রিলিজ ক্যান্ডিডেট রিলিজ করা হতে পারে।
যদি GIMP 2.10.38 সহ 2.10 সিরিজের সাথে তুলনা করি- GIMP 3.0 প্রচুর এবং প্রচুর নতুনত্ব নিয়ে আসছে। তবে একজন ব্যবহারকারীর দিক থেকে সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তন সম্ভবত হবে Non-Destructive Editing। আগে যেটা হতো, কোন লেয়ারে যেকোন ইফেক্ট বা ফিল্টার অ্যাপ্লাই করলে তা সরাসরি লেয়ারে অ্যাপ্লাই হত, পরে তাতে কোন পরিবর্তন করার সুযোগ থাকতো না। টেক্সটের সাথে কোন ইফেক্ট যোগ করলে টেক্সট আর এডিটেবল থাকতো না। অর্থাৎ কোন ইফেক্ট যুক্ত করার আগে নিশ্চিত হতে হত আর কোন পরিবর্তন প্রয়োজন হবে না। এবং যদি প্রয়োজন দরকার হত… ওয়েল, আবারো নতুন করে করতে হত। GIMP 3.0-তে লেয়ারে থাকা ইফেক্টগুলো আলাদা আলাদাভাবে থাকবে এবং প্রতিটি ইফেক্টকে এডিট বা বাদ দেয়া যাবে। ইফেক্ট যুক্ত করার পর টেক্সট বা লেয়ারের কনটেন্টে পরিবর্তন করা যাবে।
আরো কিছু গুরুত্বপূর্ণ সংযোজনের মধ্যে থাকবে মাল্টি লেয়ার সিলেকশন, এবং লেয়ার গ্রুপে ইফেক্ট যোগ করার সমর্থন। এই ফিচারগুলো সরাসরি ইউজার এক্সপ্রেরিয়েন্সকে নতুন মাত্রা দিবে। তবে সামনে যা কিছু আছে আন্ডার দা হুড GIMP 3.0-তে আরো বেশিকিছু পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় হাইলাইট- GTK2 লাইব্রেরি থেকে GTK3 লাইব্রেরিতে পোর্ট করা হয়েছে গিম্প।
লেখা দীর্ঘায়িত করতে চাচ্ছি না অবশ্য এই মুহুর্তে। তবে এই ভার্সনের স্প্ল্যাশ স্ক্রিনের প্রশংসার জন্য একটা লাইন যোগ করতেই হচ্ছে, আমি জানি না ফাইনাল রিলিজে তারা এটা রাখবে কিনা, রাখা উচিৎ মনে করি।

আরো দেখুন:
রিলিজ আর্টিকেল: GIMP – GIMP 3.0 RC1 Released
গিম্প রোডম্যাপ: GIMP Developer – Roadmaps
Davies Media Design – What’s New in GIMP 3.0 RC 1 | A New Era of GIMP Is Almost Here (ভিডিও)



