কসমিক ডেস্কটপের সাথে পপ ওএস ২৪.০৪ রিলিজ হয়েছে

আসসালামু আলাইকুম।

যখন লিখছি, একটা ভারাক্রান্ত হৃদয়ে। ওসমান হাদি ভাইয়ের খবরটা একটা আকস্মিক শকের মত ছিলো। আল্লাহ উনাকে ফিরিয়ে আনুন এবং নেক হায়াত দিন, কায়মনোবাক্যে এই প্রার্থনা। আমি ভাবছিলাম একটা কথা। ভুলত্রুটিগুলো বাদ দিয়ে আল্লাহ যদি উনার নিয়ত এবং উত্তম কাজগুলো কবুল করেন, দুনিয়ার এই জীবন থেকে কোন মানুষের এর থেকে বেশি কিছু পাওয়ার আছে কি? এমন পদচিহ্ন রেখে যাওয়া, যা পরবর্তীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে?

জীবন দিয়ে দেয়া- এই কথাটার গভীরতা কত বেশি বোঝার সামর্থ্য বোধহয় বেশিজনের নেই। থাকলে এই কথাটা মানুষজন এত সহজে বলতে পারতো না। ওসমান হাদি ভাই যে সাহস দেখিয়েছেন, মৃত্যুকে যেভাবে তিনি বরণ করে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন- এটার অর্থ কী, কেউ বুঝলে বোধহয় We are Hadi লেখার দুঃসাহস দেখাতো না।

মানুষের চেষ্টা যেখানে অকার্যকর, সেখানে আরশের মালিকের কাছে চাওয়া ছাড়া আমাদের কিছু করার থাকে না। আরশের মালিক যমিনবাসীর ওপর রহম করুন, দয়া করুন। অন্যায়-যুলুমের অভয়ারণ্য এই সমাজ থেকে ন্যায় ও ইনসাফের সমাজ আমাদের দান করুন, আমিন। যদিও আমরা তার যোগ্য না, কিন্তু তাঁর দয়া ছাড়া আর কী ভরসা আমাদের আছে?

জীবন দিয়ে জীবনের সার্থকতা রাখা, এটা হয়ত আমাদের মত কাপুরুষদের জন্য না। তবে যার যার চিন্তা ও কাজের জায়গা থেকে ভালোর জন্য কিছু করে যাওয়া- এটুকু যেন আমাদের মননে সবসময় থাকে। অন্তত যেন সামান্য কিছু সুযোগ-সুবিধার আশায় অন্যায়-অত্যাচারের অংশ না হই। চারিদিকের কালো আঁধারে নিজেও যেন হারিয়ে না যাই, নিজেও যেন জালিমদের একজন না হয়ে যাই।

ওসমান হাদি ভাইয়ের একটা আলোচনা এখানে শেয়ার করি। সমাজের অসঙ্গতি নিয়ে আফসোস করা, হা-হুতাশ করা অনেক সময় যতটা সহজ- নিজের জায়গা থেকে সেখানে ছোট্ট একটা কিছু করার জন্য চেষ্টা করে যাওয়া, নিজেকে প্রস্তুত করা এটা অনেক সময়ই তার থেকে কঠিন। মৃত্যুর সময় যেহেতু অনিশ্চিত, যতদিন জীবন আছে, ততদিন সামনের দিকে তাকিয়ে চেষ্টা করে যাওয়া- এইতো, এটুকুই তো আমরা করতে পারি।

আজকের মূল পোস্ট সংক্ষিপ্ত। পপ ওএস ২৪.০৪ রিলিজ হয়েছে। পূর্ববর্তী সংস্করণ ২২.০৪ পর্যন্ত পপ ওএস গ্নোম ডেস্কটপ ব্যবহার করত, সাথে থাকতো নিজেদের কিছু কাস্টমাইজেশন। তবে পরে আরো স্বাধীনভাবে ডেভেলোপমেন্টের জন্য তারা সেখান থেকে সরে এসে নিজেদের ডেস্কটপ নিয়ে কাজ করতে শুরু করে। RUST ব্যবহার করে তৈরি এই নতুন ডেস্কটপটিকে তারা COSMIC™ নাম দিয়েছে। এবং পপ ওএস ২৪.০৪ হলো কসমিক ডেস্কটপের সাথে রিলিজ হওয়া প্রথম রিলিজ।

গত বছর আগস্টে পপ ওএস ২৪.০৪ এর প্রথম আলফা রিলিজের সময় আমরা ওটা নিয়ে এক্সপ্রেরিয়েন্স শেয়ার করেছিলাম। এখানে তা পাবেন: পপ ওএস ২৪.০৪ আলফা সংস্করণ: নতুন কসমিক ডেস্কটপের প্রথম দেখা, আগ্রহীরা দেখে নিতে পারেন।

তবে আপাতত নতুন করে পপ ওএসের পূর্ণ রিভিউ লিখছি না। আমি লাইভ বুট থেকে অল্প একটু ব্যবহার করে দেখেছি। মূলত আলফা ও বিটা সংস্করণগুলো থেকে আরো ডেভেলোপমেন্ট ও রিফাইনমেন্ট হয়ে পপ ওএস ২৪.০৪ পূর্ণ রিলিজ হয়েছে। তবে এখনো এখানে অনেক রাফ edges আছে, স্মুথ ডেস্কটপ এক্সপ্রেরিয়েন্স হতে হয়ত আরো এক বা দুই রিলিজ অপেক্ষা করতে হবে। অনেক অপটিমাইজেশন, রিফাইনমেন্টের প্রয়োজন।

তো সময়ের সাথে সেসব হবে আশা করি। সবচেয়ে বড় কথা হলো একটা নতুন মিশন নিয়ে ফাংশনাল একটা ডেস্কটপ পর্যন্ত তারা আসতে পেরেছে এটাই পপ ওএস ২৪.০৪ এর মূল সার্থকতা।

System76 প্রধানত একটি লিনাক্স হার্ডওয়্যার, যেমন- ডেস্কটপ, ল্যাপটপ, কীবোর্ড প্রভৃতি ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্র্যাকচারিং কোম্পানি। অপারেটিং সিস্টেমের জগতে তাদের যাত্রা শুরু ২০১৭ সালের শেষের দিকে। শুরুর দিকে উবুন্টুর থেকে তফাৎটা থিমিং আর কীবোর্ড ইউসেজ ফ্রেন্ডলিনেসে থাকলেও ক্রমশ তারা গ্নোম ডেস্কটপের সাথে নিজস্ব বিভিন্ন ফিচার ও ফাংশনালিটি যোগ করতে থাকে।

মূলত পপ ওএস ২২.০৪-এ যে ইউজার এক্সপ্রেরিয়েন্স ও ডেভেলোপমেন্টের ধারা ছিলো, পপ ওএস ২৪.০৪ ও কসমিক ডেস্কটপ সেটাকেই ধরে রেখেছে। তবে গ্নোমের নির্ভরতার যে দিকটি, এটা তারা বাদ দিয়ে গ্রাউন্ড আপ থেকে ডেভেলোপ করেছে। ফলাফল হলো সেটিংস, অ্যাপস সবকিছু তারা নিজেদের মত সাজানোর অবকাশ পেয়েছে, অর্থাৎ পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ফ্লেক্সিবিলিটি।

কসমিক কিছু কিছু জায়গায় গ্নোম ডেস্কটপের পথটা ধরে রেখেছে। যেমন ওপরের প্যানেলটা বাই ডিফল্ট গ্নোমের মতই, ওয়ার্কস্পেস গ্নোম থেকেই অনুপ্রেরণা নিয়েছে। তবে কসমিক বাই ডিফল্ট আরো বেশি কাস্টমাইজেবিলিটি দিবে, সেটিংস থেকে কালার, প্যানেলস, ডক প্রভৃতি কাস্টমাইজ করা যাবে। এছাড়া পপ ওএসের একটা উদ্দেশ্য হলো প্রোডাক্টিভিটি বাই ডিজাইন। পাওয়ার ইউজারদের জন্য কীবোর্ডভিত্তিক ন্যাভিগেশন, অটো উইন্ডো টাইলিং, গ্লোবাল সার্চ ও অ্যাপ লঞ্চার প্রভৃতি কসমিকের মূল বিশেষত্ব হিসেবে থাকবে।

লিনাক্স বা ওপেন সোর্সের ক্ষেত্রে অনেক সময় বড় একটা সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায় কমার্শিয়াল সাপোর্ট ছাড়া একটা প্রোজেক্ট শুরু করলেও সেটা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। পপ ওএস ও কসমিক ডেস্কটপের ডেভেলোপার System76 যেহেতু একটা প্রতিষ্ঠিত লিনাক্স হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচার কোম্পানি, সেহেতু ওপেন সোর্স কমিউনিটির পাশাপাশি সেই ব্যাকআপটা এখানে থাকছে। এবং যেহেতু আধুনিক হার্ডওয়্যার ও সফটওয়্যার টেকনোলজিগুলোকে ঘিরেই কসমিক ডেভেলোপ হচ্ছে, সামনের বছরগুলোতে কসমিক ডেস্কটপ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে তার জন্য আরো পথ পাড়ি দেয়া বাকি।

রিলিজ ব্লগ: Pop!_OS 24.04 LTS Released: A Letter From Our Founder
কসমিক ডেস্কটপ | পপ ওএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *