কুয়াশাঘেরা নিভু নিভু আলোআঁধারির নিস্তদ্ধ কোন অরণ্য। ঘাসের চাদর থেকে একটা ছেলেকে জেগে উঠতে দেখা যাবে। LIMBO গেমের শুরুটা এভাবেই। কে এই ছেলে? তার নাম? আর এই গভীর অরণ্যে কেন সে? অনেক প্রশ্ন। তবে সে রহস্যকে রহস্য রেখেই আগাতে থাকবে গেম।
গেমপ্লের দিক থেকে, Limbo পাজল ধরণের। বুদ্ধি খাটিয়ে খুঁজে বের করতে হবে সামনে আগানোর উপায়। কারণ পদে পদে অপেক্ষা করছে মৃত্যুফাঁদ- প্রকৃতির নিষ্ঠুরতা, শিকারীর অপেক্ষা, কিংবা যন্ত্রের হৃদয়হীনতা। গেমের নিষ্ঠুর জগতে এগিয়ে যাওয়ার জন্য কখনো আপনাকেও হতে হবে হৃদয়হীন।
তবে এই সবকিছুর ভিড়ে Limbo গেম একটা গল্প বলছে। কিন্তু এক অন্যরকম ভঙ্গিমায়। এই গল্পে কোন কাটসিন নেই, নেই কোন লেখা, নেই চরিত্রদের কোন নাম। শুধু আছে এক অদ্ভুত ছমছমে আবহ, এক বিষাদের ছায়া, আর অনেক প্রশ্ন, যার উত্তর নেই।
পরের অংশটুকুতে গেমের গল্প এবং সমাপ্তি নিয়েও কিছু কথা থাকবে। তাই স্পয়লার এলার্ট থাকলো।

“Uncertain of his sister’s fate, a boy enters LIMBO”-শুধু এই একটা কথাতেই শেষ হয়েছে LIMBO গেমের বিবরণ। তবে গেমের শেষ পর্যন্ত অন্য একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াবেন আপনি, বোনের ভাগ্য নিয়ে অনিশ্চিত সেই ভাইয়ের নিজের ভাগ্যে কী হয়েছিলো?
বিবরণের ছোট্ট লাইনটাতেই অবশ্য অনেক কথা বলে দেয়া হয়েছে। Limbo শব্দটা কিছু খ্রিস্টান বিশ্বাসে স্বর্গ আর নরকের মাঝের এক জায়গা। কাজেই ছেলেটার ভাগ্যে যাই ঘটে থাকুক, গেমের শুরুর জেগে ওঠার অংশটুকু যে ছেলেটার মৃত্যুর পর- এটা বেশ নিশ্চিত।

গহীন অরণ্য হয়ে মানুষ শিকারীদের মানুষদের অঞ্চল হয়ে কলকারখানার জঞ্জাল, কিংবা সর্বত্র পানির আতঙ্ক- সবকিছু অনেক প্রশ্ন রেখে যাবে। এটা কি ছেলেটার জীবনের স্মৃতি? অথবা মনের গভীরের কোন ভয়? উত্তর নেই।
আর সেই বোনের ভাগ্যে কী হয়েছিলো? ভাইয়ের মতই পরিণতি? কখনো সেই জবাবের খুব কাছে এসেও দূরেই থেকে যেতে হবে…

LIMBO গেম শেষ করলে টাইটেল স্ক্রিনে দেখা যাবে একটা ট্রি-হাউজ। মইটা ভাঙা। আর তার নিচে পোকাদের দুটো দল ভনভন করছে। এই ট্রি-হাউজটার সাথে আগেও দেখা হবে গেমের মধ্যে। তখনো মইটা ভাঙা ছিলো না, কিংবা পোকাগুলো। LIMBO-র গল্পটা ‘অসমাপ্ত’ থেকেছে এভাবেই…

তবে গেমের স্টোরিটেলিংয়ের এই রহস্যময়তার একটা বড় দুর্বলতার জায়গাও আছে। কারণ গেমের দৃশ্যপট যেভাবে এগিয়েছে, তাতে প্রশ্ন করার সুযোগ আছে যে, অদৌ কি গেমটা একটা সুসঙ্গত গল্প বলছে, নাকি এমন কিছু বিন্দু মেলানোর বৃথা চেষ্টা যাদের কখনো মেলার কথাই ছিলো না। আর এই প্রশ্নটার উত্তরের জন্যও যথেষ্ট উপাদান এখানে নেই, যেটা এই গেমকে ঠিক ‘flawless storytelling’ হতে দেয়নি।

LIMBO কোন নতুন গেম না। ইন ফ্যাক্ট, ২০১০ সালের গেম, ১৬ বছর হয়ে গেছে। Steam ও Epic Games এ রেগুলার দাম $5.49, প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ভার্সনের দাম $3.99। Steam-এ অবশ্য বিভিন্ন সময়ে ছাড় থাকে, 90% ছাড়ে Steam থেকে কয়েকদিন আগে কিনেছিলাম $0.54 এ।
পাজল মেলানোতে আমার পারদর্শিতা খুব ভালো না হলেও LIMBO গেমের ক্ষেত্রে প্রত্যেকটা অংশে মেলানোর মত অল্প কিছু উপাদানই আছে। হয়ত একটা বা দুটো সুইচ, আর দুয়েকটা বাক্স। যেকারণে প্রত্যেকটা অংশের সমাধান খুঁজে বের করতে পারাটা রিওয়ার্ডিং। প্রায় পুরোটা নিজের থেকে পার করে আসছিলাম। কিন্তু দুঃখজনকভাবে, একদম শেষে মাত্র তিন চ্যাপ্টার বাকি থাকতে নিচের ছবির জায়গায় আর পথ পাচ্ছিলাম না, যেকারণে অল্পের জন্য গেমপ্লে ছাড়া পুরোটা শেষ করার বিজয়ের অনুভূতি হাতছাড়া হয়েছে।

অনেক বছর পর কোন গেম রিভিউ লেখা। আমার জন্য ৭ থেকে ৮ বছর পর, GR+ BD-র জন্য বোধহয় ১০ বছর পর। যদিও আমার লেখালেখির শুরুটা ছিলো ছোটখাট বিভিন্ন গেম নিয়েই। ২০১৪ সালে Game Reviews Plus Bangladesh হিসেবেই প্রথম তৈরি হয়েছিলো GR+ BD। সময়! অনেক কিছু বদলায় সময়ের সাথে, তাই না?



